নিউজ ডেস্ক :
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএ/এফ) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার রাজ্যের লেংপুই বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তারের পর রাজধানী আইজল থেকে বের করে দেওয়া হয় বলে জানিয়েছেন মিজোরামের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ২ মে চার মার্কিন নাগরিক পর্যটক ভিসায় আইজলে পৌঁছাবেন। এদের মধ্যে চেকুন ও সারন নামের দুই ব্যক্তিকে শনাক্ত করে আটক করা হলেও বাকি দুজনের নাম এখনও প্রকাশ হয়নি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তারা কেএনএ/এফ-এর শীর্ষ নেতা নাথান লনচেও বমের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনায় ছিলেন।
নাথান বম বর্তমানে আত্মগোপনে থাকলেও তাকে কেএনএ/এফ এবং তার সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) প্রতিষ্ঠাতা হিসেবে মনে করা হয়। আটক ব্যক্তিরা রাজ্যের লংত্লাই জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বম জনগোষ্ঠীর শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনাও করেছিলেন বলে জানিয়েছে একাধিক সূত্র।
এনডিটিভির তথ্য অনুযায়ী, ওই দুই মার্কিন নাগরিক কুকি-চিন আন্দোলনের শুরুর দিকে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং এখনো সীমান্ত অঞ্চলে উসকানিমূলক তৎপরতার সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতেই মিজোরাম সরকার তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠী বিভ্রান্তি ছড়াতে একাধিক নাম ব্যবহার করে থাকে। একসময় তারা কেএনএ/এ নামে পরিচিত ছিল, বর্তমানে নিজেদের পরিচয় দিচ্ছে কেএনএ/এফ হিসেবে।