আন্তর্জাতিক ডেস্ক:
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিনেই একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আদেশ হলো জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিলের নির্দেশ।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন আদেশ অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে আর যুক্তরাষ্ট্রে জন্মগতভাবে নাগরিকত্ব পাওয়ার অধিকার থাকবে না। প্রায় ১৫০ বছর ধরে মার্কিন ভূখণ্ডে জন্ম নেওয়া শিশুরা এই অধিকার পেয়ে আসছিলেন। তবে ট্রাম্পের এই নির্বাহী আদেশের ফলে সেই নিয়মে পরিবর্তন আসছে।
ট্রাম্পের নির্দেশ অনুযায়ী, অবৈধ অভিবাসীর সন্তান যদি যুক্তরাষ্ট্রে জন্ম নেয়, তাহলে সেই শিশু আর মার্কিন নাগরিক হবে না। একইভাবে, যদি কোনও দম্পতির একজনও যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা না হন, তাহলেও তাদের সন্তানের নাগরিকত্বের অধিকার থাকবে না। এছাড়া, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা বা টুরিস্ট ভিসায় অবস্থানরত কেউ সন্তানের জন্ম দিলেও সেই শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না।
পরিসংখ্যান অনুযায়ী, মার্কিন নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের মধ্যে মেক্সিকান বংশোদ্ভূতদের সংখ্যা সবচেয়ে বেশি। ভারতীয় বংশোদ্ভূতরা এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ২০২২ সালে ৬৫,৯৬০ জন ভারতীয় বংশোদ্ভূত নাগরিকত্ব লাভ করেন। ২০২৩ সালে ভারতে জন্ম নেওয়া প্রায় ২ কোটি ৮ লাখ মানুষ মার্কিন নাগরিক হয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পুনরায় বিজয়ী হন। শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের আড়াইশো বছরের ইতিহাসে বিরতি দিয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করা দ্বিতীয় প্রেসিডেন্ট হলেন।