ধর্ষণ মামলায় গায়ক নোবেল কারাগারে, বাদীর দাবি—তিনিই স্ত্রী, অন্তঃসত্ত্বার কথাও জানালেন

নিউজ ডেস্ক :

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে ধর্ষণ মামলায় গ্রেপ্তার গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে বিচারক জিয়া উদ্দিন আহমেদ এ আদেশ দেন। আদালতে হাজির হয়ে নোবেল জানান, মামলার বাদী তরুণী তার স্ত্রী এবং তাদের বিয়ে হয়েছে গত বছরের ২৮ ডিসেম্বর। তিনি দাবি করেন, ওই নারী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা। তবে তার আইনজীবী আদালতে বিয়ের কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।

সেদিন সকালেই ডেমরা থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মুরাদ হোসেন নোবেলকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগে জানা যায়, ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে তার পরিচয় হয় এবং মাঝে মাঝে ফোনে যোগাযোগ হতো। গত বছরের ১২ নভেম্বর মোহাম্মদপুরে দেখা করার পর নোবেল তাকে ডেমরায় নিজের স্টুডিও দেখানোর কথা বলে বাসায় নিয়ে যান। সেখানে কয়েক সহযোগীর সহায়তায় তরুণীকে আটকে রেখে তার মোবাইল ভেঙে ফেলে এবং নেশাগ্রস্ত অবস্থায় মারধর ও ধর্ষণ করেন।

অভিযোগে আরও বলা হয়, ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সোমবার (১৯ মে) পর্যন্ত ওই তরুণীকে জিম্মি করে রাখা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভুক্তভোগীর পরিবার তা দেখে তাকে শনাক্ত করে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। পরে পুলিশ গিয়ে তরুণীকে উদ্ধার করে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়। তদন্তে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে নোবেলের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হয়।