ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব, শুল্ক রেয়াতের সিদ্ধান্ত অনিশ্চিত

নিউজ ডেস্ক :

আগামী ৩১ মার্চ ভোজ্যতেল আমদানিতে শুল্ক রেয়াতের মেয়াদ শেষ হচ্ছে। এর ফলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮ টাকা এবং খোলা সয়াবিন ও পাম তেলের দাম ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের কাছে পরিশোধনকারী মিলমালিকেরা এ সংক্রান্ত আবেদন জমা দিয়েছেন।

প্রস্তাব অনুযায়ী, নতুন দাম কার্যকর হলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৩ টাকা এবং খোলা সয়াবিন ও পাম তেল ১৭০ টাকায় বিক্রি হবে। ১ এপ্রিল থেকে নতুন দাম কার্যকরের সুপারিশ করা হয়েছে।

রমজানের আগে ভোজ্যতেলের দাম সহনীয় রাখতে সরকার যে শুল্ক-করের রেয়াত সুবিধা দিয়েছিল, সেটির মেয়াদ বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ৩০ জুন পর্যন্ত শুল্ক-কর রেয়াত অব্যাহত রাখার সুপারিশ করলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

ব্যবসায়ীদের মতে, শুল্ক রেয়াত অব্যাহত থাকলে তেলের দাম বাড়বে না। তবে সুবিধাটি প্রত্যাহার করা হলে আমদানি ব্যয় বাড়বে এবং সে অনুযায়ী বাজার মূল্য সমন্বয় করতে হবে। টিকে গ্রুপের পরিচালক শফিকুল আতাহার জানান, শুল্ক রেয়াত অব্যাহত রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দেয়া হয়েছে। সরকারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বাজারে তেলের দাম বাড়বে কি না।