নিউজ ডেস্ক:
চলতি ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে প্রবাসীরা দেশে প্রায় ১৬ হাজার ১৪০ কোটি টাকা রেমিট্যান্স পাঠালেও ১১টি ব্যাংকের মাধ্যমে এক টাকাও আসেনি। এর মধ্যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, পাঁচটি বেসরকারি ব্যাংক ও চারটি বিদেশি ব্যাংক রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, রেমিট্যান্সশূন্য ব্যাংকগুলোর তালিকায় রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, সীমান্ত ব্যাংক, পদ্মা ব্যাংক, সিটিজেন্স ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক।
এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানের ন্যাশনাল ব্যাংক, ভারতের স্টেট ব্যাংক, দক্ষিণ কোরিয়ার উরি ব্যাংক ও হাবিব ব্যাংক।
ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে রেমিট্যান্স প্রবাহ সন্তোষজনক থাকলেও এসব ব্যাংকের শূন্য হিসাব অর্থনীতিবিদদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রেমিট্যান্স আহরণে এসব ব্যাংকের সক্ষমতা ও কার্যক্রম মূল্যায়ন করা জরুরি।