সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যানকে ১২ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে কোস্টগার্ড

নিউজ ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ আটক করেছে কোস্টগার্ড। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পূর্ব জোন সেন্টমার্টিনে অভিযান চালিয়ে মুজিবুর রহমানকে তার বাড়ি থেকে আটক করে। পালানোর চেষ্টার সময় তাকে ধরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।