দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযান : এক সপ্তাহে আটক ২৯ জন

মিনহাজুল ইসলাম, জাগ্রত পাহাড় ডেস্ক:


দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একাধিক যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলোর অংশগ্রহণে পরিচালিত এসব অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তসহ মোট ২৯ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, দেশি-বিদেশি মাদকদ্রব্য, অবৈধ ওয়াকিটকি সেট ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এ ছাড়া দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি, সাধারণ জনগণকে অনুরোধ করা হয়েছে যে কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ পরিলক্ষিত হলে তা নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করতে।