দুদকের মামলায় সাবেক খাদ্য কর্মকর্তা কারাগারে

নিউজ ডেস্ক;

ফরিদপুর দুদকের সমন্বিত কার্যালয়ের মামলায় সাবেক জেলা খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামান (৪৫) কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বিকেলে ফরিদপুর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জিয়া হায়দার তার জামিন না মঞ্জুর করে এই আদেশ দেন।

মামলাটি ২০২৩ সালের ১১ এপ্রিল ফরিদপুর দুদকের সহকারী পরিচালক সরদার আবুল বাশার দায়ের করেন। মামলার আসামিরা হলেন ফরিদপুরের সাবেক জেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুজ্জামান এবং বোয়ালমারীর উপ খাদ্য পরিদর্শক সানোয়ার হোসেন, যারা বর্তমানে ঢাকায় কর্মরত। তাদের বিরুদ্ধে এক কোটি ৩৫ লক্ষ ৮১ হাজার ৫০১ টাকার চাল, ধান ও গম আত্মসাতের অভিযোগ রয়েছে।

ফরিদপুর দুদকের উপ-সহকারী পরিচালক ইমরান আকন বলেন, কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে চার্জশিট প্রদান করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে দোষী সাব্যস্তের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মামলায় তারিকুজ্জামান আদালতে জামিন চাইলে তা নামঞ্জুর করা হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি সানোয়ার হোসেন বর্তমানে পালাতক রয়েছেন।