নিউজ ডেস্ক :
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।
এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগের এই দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন। পরে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যেখানে বলা হয়, তাদের নিয়োগ শপথ গ্রহণের দিন থেকেই কার্যকর হবে।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে প্রধান বিচারপতির পরামর্শ নিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দুই বিচারপতির অন্তর্ভুক্তির মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ আদালতের বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।