নিউজ ডেস্ক :
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সোমবার (২৪ মার্চ) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শহীদ সাঈদের বাবার হাতে আনুষ্ঠানিকভাবে সহায়তার চেক তুলে দেন।
এর আগে, গত বছরের ১০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হলে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে শহীদ সাঈদের বাবাকে রংপুর থেকে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হয়, যেখানে উন্নত সেবায় তিনি সুস্থ হয়ে ওঠেন।
এছাড়া, গত ২৩ মার্চ গণ-অভ্যুত্থানে আহতদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সেনাপ্রধানের আমন্ত্রণে শহীদ সাঈদের পিতাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে চলমান আন্দোলনে সক্রিয় ছিলেন।
