নিউজ ডেস্ক :
একাত্তরের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার স্মরণে আজ (২৫ মার্চ) সারাদেশে এক মিনিটের জন্য প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সবাই নিজ নিজ স্থানে আলো নিভিয়ে নীরবতা পালন করবেন। তবে কেপিআই ও জরুরি স্থাপনাগুলো এ কর্মসূচির বাইরে থাকবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ দিন সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ বিভিন্ন স্থানে গণহত্যার দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে, যা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হবে। এছাড়া, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হবে।
এদিকে, মুক্তিযুদ্ধ জাদুঘরে সন্ধ্যায় শিখা চিরন্তন প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন করা হবে, আর নাট্য সংগঠনগুলো বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘স্বোপার্জিত স্বাধীনতা’ চত্বর থেকে ‘স্মৃতি চিরন্তন’ পর্যন্ত ‘লালযাত্রা’ করবে।
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে এক বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনী ঢাকাসহ সারাদেশে যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ। তিনি কালরাতের শহীদদের স্মরণ করে বলেন, এ শোক জাতির হৃদয়ে চির অমলিন।
