নাফ নদী থেকে অপহৃত ১৯ জেলে এখনও আরাকান আর্মির জিম্মিতে, উদ্বেগে পরিবার

নিউজ ডেস্ক :

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে মাছ ধরার চারটি ট্রলারসহ ১৯ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। অপহরণের দুই দিন পার হলেও এখনো তারা জিম্মি রয়েছে, যা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বজনরা। তবে প্রশাসন জানিয়েছে, তাদের ফেরানোর চেষ্টা চলছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানান, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে সাগর থেকে মাছ ধরে ফেরার পথে চারটি ট্রলারসহ ১৯ জেলেকে তুলে নেয় আরাকান আর্মি। তাদের মধ্যে দুটি ট্রলার টেকনাফের কায়ুকখালী ঘাটের এবং অপর দুটি শাহপরীর দ্বীপ ঘাটের।

এ বিষয়ে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, বিজিবির পক্ষ থেকে যোগাযোগ চলছে, তাদের দ্রুত ফেরানোর জন্য কাজ করা হচ্ছে।

এর আগে, ১০ ফেব্রুয়ারি নাফ নদীতে মাছ ধরতে যাওয়া চার বাংলাদেশি মাঝিমাল্লাকে অপহরণ করেছিল আরাকান আর্মি, যাদের এখনও ফেরানো সম্ভব হয়নি। এছাড়া গত বছর ৬ অক্টোবরও ৫৮ জেলেকে তুলে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী, যাদের পরবর্তীতে কূটনৈতিক প্রচেষ্টায় মুক্ত করা হয়।