কক্সবাজারে সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে হামলা, গুলিতে নিহত এক, আহত দুই

নিউজ ডেস্ক :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে হাবিবুল হুদা চৌধুরী নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তার দুই আত্মীয়। শুক্রবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে ফাইস্যাখালী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত হাবিবুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাদিদুল হুদার বাবা।

পরিবারের অভিযোগ, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল সাদিদের পরিবারের। গত ৫ আগস্টের পর এই বিরোধ তীব্র হয় এবং কয়েক দফা কথাকাটাকাটির ঘটনা ঘটে। শুক্রবার বিকেলে এক দফা হামলার পর পুলিশের সহায়তা চেয়েও সাড়া না পেয়ে তারা চরম নিরাপত্তাহীনতায় ছিলেন। এরপর রাত ১০টার দিকে রাজ্জাক চেয়ারম্যানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী হাবিবুল হুদাদের বাড়িতে হামলা চালায় এবং গুলি ছোড়ে। এতে হাবিবুল হুদা, তার ফুফু কোহিনুর সিদ্দিকা ও খালা খদিজা বেগম গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা হাবিবুলকে মৃত ঘোষণা করেন।