বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু আজ, বাদ আসর আম বয়ান

নিউজ ডেস্ক :

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। আনুষ্ঠানিক উদ্বোধন হবে শুক্রবার বাদ ফজর দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা আব্দুস সাত্তারের বয়ানের মধ্য দিয়ে। তবে আজই বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানের মাধ্যমে কার্যত ইজতেমার দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়ে যাবে। তার বয়ানের তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ চাঁদপুরী।

এর আগে সকাল ১০টা থেকে মাঠের বিভিন্ন খিত্তায় তালিম পরিচালিত হয়। বিদেশি সাথীদের জন্য ছিল নিজস্ব ভাষায় আলাদা তালিমের ব্যবস্থা। বাদ জোহর আগত মুসল্লিদের উদ্দেশে বয়ান দেন বাংলাদেশের মাওলানা মোশাররফ হোসেন।

আজ বাদ মাগরিব বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা ইয়াকুব সিলানী, যার তরজমার দায়িত্বে থাকবেন মাওলানা মনির বিন ইউসুফ। শুক্রবার জুমার নামাজের ইমামতি করবেন কাকরাইল মসজিদের শুরা সদস্য ও তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী ওয়াসিফুল ইসলাম।

শনিবার বাদ ফজর বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা মোরসালিন। দিনভর চলবে তালিম ও গুরুত্বপূর্ণ বয়ান। বাদ আসর ময়দানে বয়ান করবেন বাংলাদেশের মাওলানা মনির বিন ইউসুফ, আর বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার।

রবিবার ফজরের পর হেদায়েতি বয়ান দেবেন নিজামুদ্দিন মারকাজের মুফতি রিয়াসাত। এরপর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তবে মোনাজাত পরিচালনার দায়িত্বে কে থাকবেন, তা এখনো ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, এর আগে ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত শুরায়ী নেজামের (জুবায়েরপন্থী) অনুসারীদের ইজতেমা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারীরা। আগামী ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।