কুমিল্লার রসুলপুর রেলস্টেশনে বিজিবির অভিযান, ৮৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিউজ ডেস্ক :

কুমিল্লার রসুলপুর রেলস্টেশনে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি ও কিশমিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১২ ফেব্রুয়ারি) কোতোয়ালি থানাধীন এই রেলস্টেশনে বিজিবির ব্যাটালিয়ন-১০ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪ লাখ ২ হাজার ৫৭৫ পিস অবৈধ বাজি এবং ৫৯ কেজি কিশমিশ আটক করা হয়, যার বাজারমূল্য ৮৭ লাখ ১৫ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স দল অভিযান পরিচালনা করে এসব অবৈধ পণ্য পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। অভিযানে সহকারী কমিশনার রতন কুমার দত্ত উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, আটককৃত পণ্যগুলো আইনি প্রক্রিয়ায় কাস্টমসে জমা দেওয়া হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।