নিউজ ডেস্ক:
ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন এমা রেনল্ডস। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডাউনিং স্ট্রিট থেকে এই পুনর্গঠন ঘোষণা করা হয়।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ, রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানো থিংকট্যাঙ্কের সঙ্গে সম্পৃক্ততা, এবং বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছিল। বিশেষত, ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ব্যয় বৃদ্ধি এবং এতে টিউলিপের সম্পৃক্ততার বিষয়ে তদন্তের ফলে তার ওপর চাপ ক্রমশ বাড়ছিল।
পদত্যাগের পর টিউলিপ এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে দাবি করেন, তিনি মন্ত্রিত্বের কোনো নিয়ম ভঙ্গ করেননি বা কোনো অনুচিত কাজ করেননি। বিভ্রান্তি এড়াতে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানান তিনি।
এমা রেনল্ডস এর আগে ওয়ার্ক অ্যান্ড পেনশনস (ডিডব্লিউপি) মন্ত্রণালয়ের পেনশন মন্ত্রী এবং জুনিয়র ট্রেজারি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, রেনল্ডসের পূর্বের দায়িত্বে নিয়োগ পেয়েছেন টরস্টেন বেল, যিনি রেজলিউশন ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী এবং এড মিলিব্যান্ডের সাবেক নীতিনির্ধারণী প্রধান ছিলেন।