নিউজ ডেস্ক:
সেন্টমার্টিনে মধ্যরাতে কিংশুক, বীচ ভ্যালি এবং আরও একটি ইকো রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় রিসোর্টগুলোতে অবস্থানরত পর্যটকরা আতঙ্কে দিকবিদিক ছুটোছুটি করতে থাকেন। প্রাণ রক্ষায় অনেকে পাশের রিসোর্টগুলোতে আশ্রয় নেন।
রিসোর্ট এলাকায় ফায়ার সার্ভিসের কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় স্থানীয়রা বালু ও পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। খবর পেয়ে নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেন। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের ধারণা, বীচ ভ্যালি রিসোর্টের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে রিসোর্টগুলোর কাঠামো ও সজ্জার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
