নিউজ ডেস্ক :
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সহিংসতা ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থি ৯৩ আইনজীবী রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। দুপুর ২টায় বিচারক জাকির হোসেন গালিবের আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
আত্মসমর্পণকারী আইনজীবীদের মধ্যে রয়েছেন ঢাকা বারের সাবেক সভাপতি সাইদির রহমাম মামিক, সাবেক সদস্য শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামিমসহ আরও অনেকে।
এর আগে গত ৪ আগস্ট আদালত প্রাঙ্গণে সহকর্মী আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থি ১৪৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। মামলাটি দায়ের করা হয় চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।
এই মামলায় হাইকোর্ট থেকে ১১৫ জন আইনজীবী আট সপ্তাহের জন্য জামিনে ছিলেন, যার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল ৭ এপ্রিল। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করেছেন।