নিউজ ডেস্ক :
চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রির নামে প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশের পাশাপাশি দুইজনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অনাদায়ে তাদের আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তারা পলাতক থাকায় আদালত সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালে ইভ্যালির অনলাইন বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়ে মুজাহিদ হাসান ফাহিম নামে এক ভুক্তভোগী একটি মোটরসাইকেল অর্ডার করেন এবং নির্ধারিত মূল্য আগাম পরিশোধ করেন। কিন্তু নির্ধারিত ৪৫ দিনের মধ্যে পণ্যটি সরবরাহ না করায় তিনি ধানমন্ডির অফিসে যোগাযোগ করেন। তখন প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ হিসেবে তাকে পাঁচ লাখ টাকার একটি চেক দেয়, কিন্তু চেকের অর্থ ব্যাংকে পর্যাপ্ত না থাকায় সেটি জমা না দিতে বলা হয়।
চেক জমা না দিয়ে প্রতিষ্ঠানটির আশ্বাসে অপেক্ষা করলেও শেষপর্যন্ত টাকা না পেয়ে ভুক্তভোগী আদালতের দ্বারস্থ হন। লিগ্যাল নোটিশ পাঠালেও কোনো সাড়া না পেয়ে ২০২৪ সালের জানুয়ারিতে রাসেল ও শামীমার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
