নিউজ ডেস্ক:
মেহেরপুরের চাঞ্চল্যকর জামায়াত নেতা মো. সাইফুল ইসলাম হত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনকে দুই দিনের জেলগেট রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে মেহেরপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে তোলা হয় ফরহাদ হোসেনকে। এর আগে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা থেকে স্থানান্তর করা হয় মেহেরপুর জেলা কারাগারে।
সড়কপথে প্রিজনভ্যানে করে আনার সময় শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালতে তোলার সময়ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র্যাবের অভিযানে গ্রেফতার হন ফরহাদ হোসেন। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর জামায়াত নেতা সাইফুল ইসলাম হত্যা ও আন্দোলন দমনের অভিযোগসহ তার বিরুদ্ধে মেহেরপুর জেলায় একাধিক মামলা দায়ের হয়।
ফরহাদ হোসেন দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি জনপ্রশাসনমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং এর আগে প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।