বিরল সীমান্তে ধরা দু’জনকে ফেরত দিল বিএসএফ, গ্রামবাসীর তৎপরতায় ফিরল সমতা

নিউজ ডেস্ক :

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২ মে) বিকেলে বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে তাদেরকে হস্তান্তর করা হয়। ফেরত আসা দু’জন হলেন—স্থানীয় বাসিন্দা ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম ও এনামুল ইসলামের ছেলে মাসুদ রানা।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ধান মাড়াইয়ের সময় সীমান্ত অতিক্রমের অভিযোগে ভারতীয় বাহিনী তাদের আটক করে নিয়ে যায়। ঘটনার পরপরই প্রতিবাদে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। সেই সময় বাংলাদেশ সীমানার অভ্যন্তরে অবস্থান করা দুই ভারতীয় নাগরিক—থিলিপ সরেন ও অবিনাশ টুডুকে আটক করে গ্রামবাসী। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এসে ওই দু’জনকে নিজেদের হেফাজতে নেন।

স্থানীয়দের মতে, ভারতীয় ওই দুই ব্যক্তি বাংলাদেশের সেচযন্ত্র থেকে পানি সংগ্রহ করতে এসেছিলেন। এই ঘটনা দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে যোগাযোগ ও পতাকা বৈঠকে গড়ায়। শেষ পর্যন্ত উভয় পক্ষের বন্দি হস্তান্তরের মাধ্যমে সমঝোতা হয় এবং সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হয়।