নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফলে স্বর্ণ চোরাচালানের অভিযোগে বিধান চন্দ্র বিশ্বাসকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাকে অপহরণ করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। বুধবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিধান চন্দ্র ওই গ্রামের মৃত বোজেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে।
পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি জসিম উদ্দিন জানান, প্রথমে বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না। পরে নিশ্চিত হন, ডিএমপির একটি গোয়েন্দা দল বাউফলের বগা পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় বিধানকে গ্রেফতার করেছে। তিনি জানান, বিধান স্বর্ণ চোরাচালানে জড়িত এবং তার বিরুদ্ধে ঢাকায় এ সংক্রান্ত মামলা রয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর মাসুদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ নিয়ে তদন্ত চলছে এবং ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পরে বিস্তারিত জানানো হবে।
সূত্র: যমুনা টিভি