নিউজ ডেস্ক :
রাজধানীর বনশ্রীতে এক নারী সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে ও বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময়ে রাজধানীর পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোড়লগঞ্জের সোয়েব রহমান জিশান, বরিশালের মো. রাইসুল ইসলাম ও মো. কাউসার হোসেন।
বুধবার রাত ৮টার দিকে বনশ্রীর ই-ব্লকের তিন নম্বর সড়কে অবস্থিত একটি জুসের দোকানের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জানান, বাসার কাছে জুস কিনতে গেলে কয়েকজন বখাটে তাকে উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করায় হামলাকারীরা তাকে এবং তার ছোটভাইকে মারধর করে। একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়।
পরে তিনি ঘটনাটি ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় হামলাকারীদের একজন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে উল্টো হুমকি দেয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী। পরে জিসান ও পার্থিব নামে দু’জনকে অভিযুক্ত করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে রামপুরা থানায় মামলা করেন তিনি।
মামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে মেরাদিয়া থেকে প্রথম অভিযুক্তকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেইলী রোড থেকে রাইসুল ও গেন্ডারিয়া থেকে কাউসারকে আটক করা হয়।
