নিউজ ডেস্ক:
জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা সময়ের সঙ্গে সঙ্গে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অপরাধে তাদের জড়িত থাকার প্রমাণ মিলছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সন্ত্রাসীদের মুক্তি দেওয়া ছিল ‘ভুল সিদ্ধান্ত’। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এক মাসের মধ্যে কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছে সাত শীর্ষ সন্ত্রাসী, যাদের মধ্যে সুইডেন আসলাম, কিলার আব্বাস, ফ্রিডম রাসু ও পিচ্চি হেলাল অন্যতম।
সম্প্রতি রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় জামিনে মুক্ত এক শীর্ষ সন্ত্রাসীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে, যেখানে আসামিকে ছিনিয়ে নিতে থানাও ঘেরাও করা হয়। একইভাবে মিরপুরে প্রকাশ্যে একজনকে কোপানোর ঘটনায় পিচ্চি হেলালের নাম উঠে এসেছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী দাবি করছে, এসব সন্ত্রাসী নজরদারিতে রয়েছে, তবে অপরাধ বিশ্লেষকদের মতে, বাস্তবে এই মনিটরিং কার্যকর হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক মনে করেন, শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি দেওয়ার পর যথাযথ নজরদারির অভাবেই তারা ফের সংঘবদ্ধ হয়ে অপরাধ সংগঠিত করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে আরও কঠোর হওয়ার পাশাপাশি সন্ত্রাসীদের জামিনের বিষয়টি পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সূত্র: Channel 24
