গুলশানে তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় হঠাৎ তল্লাশি, লুটপাটের অভিযোগ

নিউজ ডেস্ক :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ লুকিয়ে রাখা হয়েছে— এমন গুজবে মধ্যরাতে দরজা ভেঙে প্রবেশ করে একদল জনতা। ২০-২৫ জনের একটি দল ‘বিপ্লবী ছাত্র-জনতা’ ব্যানারে মিছিল নিয়ে এসে বাড়ির প্রধান ফটক ভেঙে জোরপূর্বক ভেতরে ঢোকে এবং তছনছ করে ফ্ল্যাটটি।

বাসায় প্রবেশকারীরা দাবি করেন, তারা এইচ টি ইমামের ছেলের গোপন অর্থ উদ্ধারের জন্য এসেছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি ছাড়া কেন তারা তল্লাশি চালালেন, সে প্রশ্নের কোনো সুস্পষ্ট উত্তর দিতে পারেননি। রাত দেড়টার পর সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন, তবে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

বাড়ির গৃহকর্মী জানান, তানভীর ইমামের সঙ্গে প্রায় ২৭ বছর আগে বিবাহবিচ্ছেদ হয় বাসার মালিকের, এবং তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। রাত ১২টার পর ঘটনাস্থলে উপস্থিত হন গুলশান থানার ওসি ও গুলশান বিভাগের ডিসি। তারা প্রবেশকারীদের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করেন।

তল্লাশি শেষে এক ব্যক্তি জানান, তাদের উদ্দেশ্য সফল হয়নি, কারণ তারা কারও সন্ধান পাননি। লুটপাটের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি অস্বীকার করেন, তবে বাসার জিনিসপত্র তছনছ করার বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

রাত আড়াইটার দিকে গণমাধ্যমের সামনে দিয়েই ‘সাধারণ জনগণ’ পরিচয়ে বাড়ি ছেড়ে চলে যায় অভিযুক্ত দলটি। এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি, এবং আইনশৃঙ্খলা বাহিনীও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।