কুমিল্লায় গভীর রাতে শহিদ মিনার ভাঙচুর, তদন্তে পুলিশ

নিউজ ডেস্ক :

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ডিগ্রি কলেজ চত্বরে নির্মিত শহিদ মিনারের দুইটি স্তম্ভ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

কলেজ সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে শিক্ষক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সবাই ক্যাম্পাস ত্যাগ করলে রাত ২টার দিকে বিকট শব্দ শুনে নৈশপ্রহরী ঘটনাস্থলে গিয়ে দেখেন, শহিদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে দুইটি ভেঙে ফেলা হয়েছে।

গুনবতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ জানান, রাত গভীর হলে দুর্বৃত্তরা শহিদ মিনারে আঘাত করে স্তম্ভগুলো ভেঙে দেয়। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ক্যামেরা না থাকায় সন্দেহভাজনদের শনাক্ত করা কঠিন হচ্ছে। স্থানীয় কোনো গোষ্ঠী এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।