নিউজ ডেস্ক :
পুলিশের চারজন উপমহাপরিদর্শক (ডিআইজি)কে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া (এনডিসি) এবং ডিআইজি আমেনা বেগম।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন এবং আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে বিতর্কিত শেষ তিন সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা তিন সচিবসহ ২২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
