সংরক্ষিত নারী আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে আপিল!

বান্দরবান প্রতিনিধি

রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করা হয়েছে। দলটির ছাত্রসংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা রোববার (২৬ এপ্রিল) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এ আপিল আবেদন জমা দেন।
আপিল আবেদন জমা দেওয়ার পর চন্দ্রা চাকমা সাংবাদিকদের জানান, সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী মাধবী মারমা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য পদে বহাল থেকেই, আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে গত ২১ এপ্রিল জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, যা সম্পূর্ণ অবৈধ। তিনি বলেন, এ কারণে তার মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
চন্দ্রা চাকমা আরও বলেন, তিনিও সংরক্ষিত নারী আসনের একজন প্রার্থী ছিলেন এবং বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি নির্বাচন কমিশন অফিস থেকেও ফরম নিয়েছিলেন।
পার্বত্য জেলা পরিষদের আইনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের অন্যান্য জেলা পরিষদের আইনের সঙ্গে তিন পার্বত্য জেলার আইন ভিন্ন। এ আইনে চেয়ারম্যান ও সদস্যদের জনসেবক হিসেবে গণ্য করা হয়েছে এবং নির্ধারিত প্রক্রিয়ায় পদত্যাগপত্র দাখিল ও তা গৃহীত হওয়ার পরই পদ শূন্য হয়। কিন্তু মাধবী মারমা পদত্যাগ না করেই মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা সংশ্লিষ্ট আইন ও নির্বাচন বিধিমালার লঙ্ঘন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *