নিউজ ডেস্ক:
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বহু নেতা দেশ ছাড়লেও, তাদের অনেকের অবস্থান নিশ্চিতভাবে জানা যাচ্ছিল না। তবে এবার প্রকাশ্যে এলেন ক্ষমতাচ্যুত সরকারের চার সাবেক এমপি-মন্ত্রী—সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান।
গত রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় এক কর্মিসভায় অংশ নেন তারা। এই সভায় সাবেক এমপি-মন্ত্রীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন। এতে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সরকার পতনের পর শেখ হাসিনাসহ বহু নেতা দেশ ছেড়ে পালিয়ে যান বলে জানা যায়। তবে এই চার নেতার প্রকাশ্য উপস্থিতি আওয়ামী লীগের আন্তর্জাতিক কার্যক্রমের দিকেও দৃষ্টি আকর্ষণ করেছে।
