মার্চের মধ্যে নির্বাচনী রোডম্যাপ না এলে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

নিউজ ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, অন্যথায় গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। শনিবার (১ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানালেও তাদের ‘সেকেন্ড রিপাবলিক’ তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, বর্তমান গণপ্রজাতন্ত্র কি তাহলে বিলুপ্ত হয়েছে? বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেনি, বরং স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেতে প্রয়োজনীয় সংশোধন দরকার।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, রাজপথে তৈরি হওয়া ঐক্য বিনষ্ট হলে এর সুবিধাভোগী হবে স্বৈরাচারী শক্তি। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার নির্বাচনের নামে গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত না করার আহ্বান জানান।

সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন। তিনি বলেন, জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দর্শন এখনো স্পষ্ট নয়, যা জনগণের মনে প্রশ্ন সৃষ্টি করছে।