নিউজ ডেস্ক :
চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে নারীকে লাথি মারার ঘটনায় ভাইরাল হওয়া আকাশ চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী। এক বিবৃতিতে তাকে দলীয় কর্মী হিসেবে স্বীকার করলেও জামায়াত জানিয়েছে, ঘটনার দিন আকাশ অনুমতি ছাড়া সেখানে গিয়েছিলেন এবং তার কর্মকাণ্ড সংগঠনের নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী।
শুক্রবার (৩০ মে) দেওয়া বিবৃতিতে জামায়াতের মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ জানান, ২৮ মে প্রেস ক্লাব এলাকায় দুটি সংগঠনের কর্মসূচিতে যে অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় দৃশ্য দেখা গেছে, সেটি দলের দৃষ্টিগোচর হয়েছে। এই ঘটনার সঙ্গে জামায়াতের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং তারা আগে থেকেই এ কর্মসূচির বিষয়ে জানত না। ফলে দলীয় কোনো পর্যায় থেকে সেখানে যাওয়ার নির্দেশও দেওয়া হয়নি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আকাশ চৌধুরী নামের ওই কর্মী দলীয় অনুমতি ছাড়াই ঘটনাস্থলে গিয়ে যে অপ্রীতিকর কর্মকাণ্ডে জড়িয়েছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জামায়াতে ইসলামী একটি শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল সংগঠন হিসেবে দেশে পরিচিত, এবং এ ধরনের আচরণকে প্রশ্রয় দেওয়ার পক্ষপাতী নয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন করার দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে।
ঢাকা পোস্টকে দেওয়া বক্তব্যে বিবৃতির সত্যতা নিশ্চিত করে মোহাম্মদ উল্লাহ বলেন, এটি সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (২৮ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এবং রাজশাহীতে ছাত্রজোটের ওপর হামলার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রজোট মানববন্ধন কর্মসূচি পালন করছিল। সেখানে হামলা চালায় ‘শাহবাগবিরোধী ঐক্য’ নামের একটি পক্ষ। ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। হামলার সময় এক নারীকে লাথি মারার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পরে জানা যায়, হামলাকারী যুবক আকাশ চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার নেছার আহদের ছেলে এবং শিবিরের ওয়ার্ড পর্যায়ের নেতা। এর আগেও চট্টগ্রামের মুরাদপুর এলাকায় সুন্নিদের এক কর্মসূচিতে হামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
