বান্দরবান প্রতিনিধি ;
বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (২৭ আগস্ট) সকালে বান্দরবান জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন।
বান্দরবান জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৫ আগস্ট হাইকোর্ট থেকে তাকে জামিন দেওয়া হয়। পরে আদালতের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে বুধবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ৫ আগস্টের অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা মোট ৫টি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তিনি বান্দরবান থেকে গা ঢাকা দিয়ে ঢাকায় অবস্থান করেন।
পরে গত ২৫ মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ওই দিনই বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর প্রায় পাঁচ মাস পর কারামুক্ত হলেন লক্ষ্মীপদ দাশ।