নিউজ ডেস্ক:
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার ১১ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন।
গত বছরের ৩১ অক্টোবর হাইকোর্ট তারেক রহমান, আব্দুস সালাম, একুশে টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খান ও সিনিয়র প্রতিবেদক কনক সারওয়ারের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেন।
২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য একুশে টেলিভিশন সরাসরি সম্প্রচার করলে পরদিন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায় তেজগাঁও থানা পুলিশ। অনুমোদন পাওয়ার পর ৮ জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এসআই বোরহান উদ্দিন এই মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশের গোয়েন্দা পরিদর্শক এমদাদুল হক তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করেন, যেখানে চারজনকে আসামি করা হয়।
