জাতীয় নাগরিক পার্টির নতুন কর্মসূচি, শাহবাগে বিক্ষোভ ও ইফতার আয়োজন

নিউজ ডেস্ক :

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাম্প্রতিক কর্মসূচির ধারাবাহিকতায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে। দলটির সদস্যসচিব আখতার হোসেন শুক্রবার (৭ মার্চ) দলের কার্যালয়ে নির্বাহী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান।

আগামী ১০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল এবং ১১ মার্চ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও কূটনীতিকদের সম্মানে ইফতার আয়োজন করবে এনসিপি।

এ ছাড়া আজ (৮ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জনপরিসরে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা নাহিদ ইসলামকে আহ্বায়ক করে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এনসিপি। এর আগে তারা জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন এবং রায়েরবাজারে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করে।