নিউজ ডেস্ক:
রাজনৈতিক পরিবর্তনের দাবিতে আন্দোলনে পথে নামা ছাত্ররা এবার আনছে নতুন রাজনৈতিক দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই দল গঠনের কাজ চলছে, যা ফেব্রুয়ারির ১৫ থেকে ২৮ তারিখের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
দলটির নাম ও প্রতীক চূড়ান্ত করতে জনমানুষের মতামত নেওয়া হচ্ছে। নেতৃত্বে থাকবেন কয়েকজন তরুণ ছাত্রনেতা, যাদের মধ্যে নাহিদ ইসলাম, আখতার হোসেন ও সারজিস আলমের নাম শোনা যাচ্ছে। তবে জাতীয় নাগরিক কমিটি এখনো চূড়ান্ত ঘোষণা দেয়নি।
সংগঠনটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, নতুন দল হবে ‘আমব্রেলা পার্টি’, যেখানে মধ্যপন্থার যে কেউ যুক্ত হতে পারবেন। এখানে থাকবে না কোনো ডান বা বাম আদর্শ কিংবা পরিবারতন্ত্র। দলটি সমাজতন্ত্র বা ইসলামি মতাদর্শের পরিবর্তে গণতান্ত্রিকভাবে জনগণের সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দেবে।
নতুন দল গঠনে বিশিষ্ট লেখক ও চিন্তক ফরহাদ মজহারের পরামর্শ থাকলেও তিনি সরাসরি এতে যুক্ত নন। তার মতে, কেবল নির্বাচন দিয়ে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়, বরং নতুন দল গঠন জরুরি। সমালোচকদের ‘কিংস পার্টি’ আখ্যা প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি, জাতীয় পার্টিও তো ইতিহাসের ধারাবাহিকতায় গঠিত। তাই নতুন দল গঠনে ভয় নেই, বরং এটি ইতিবাচক।”
ফরহাদ মজহার আরও জানান, তিনি পরামর্শ দিয়ে নতুন দলকে সহায়তা করবেন। তবে সরাসরি কোনো নেতৃত্বে থাকছেন না। ছাত্রদের এই উদ্যোগ নতুন রাজনৈতিক সমীকরণে কী পরিবর্তন আনে, সেটিই এখন দেখার বিষয়।