গণতান্ত্রিক সরকার ছাড়া স্থিতিশীলতা সম্ভব নয়: মোস্তাফিজুর বাবুল

নিউজ ডেস্ক :

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রয়োজন। যে সরকার নিরাপদ সমাজ গড়ে তুলবে, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে এবং কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের স্বার্থ রক্ষা করবে।

সম্প্রতি জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের পূর্ব বাঘাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এ মাহফিলের আয়োজন করা হয়।

মোস্তাফিজুর বাবুল বলেন, অতীতে হাজারো ছাত্র, শ্রমিক ও জনতা নিজেদের জীবন উৎসর্গ করে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করেছে। দেশের কল্যাণে এখন সবচেয়ে জরুরি হলো অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া।

ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, সাবেক সদস্য সচিব আলহাজ নুরুল আলম সিদ্দিকী, উপজেলা কৃষকদলের সভাপতি মতিউর রহমান বাবলুসহ স্থানীয় নেতারা। ইফতার মাহফিলে বিএনপির তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।