খাগড়াছড়িতে এনসিপি’র সংবাদ সম্মেলন : ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম

নিউজ ডেস্ক:

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের নামে দায়েরকৃত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এনসিপির খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা নেতা শাহ নেওয়াজ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা, রাহাত হোসেন বেলাল, আকলিমা আক্তার, সুইচিং মারমা ও বিপ্লব ত্রিপুরা। বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে বিএনপি নেতাদের প্ররোচনায় পুলিশ ভিত্তিহীন মামলায় এনসিপি নেতাকর্মীদের আসামি করেছে। এসব মামলার কোনো প্রমাণ নেই এবং ঘটনাগুলো সম্পূর্ণ মনগড়া।

এনসিপি নেতাদের দাবি, জুলাই বিপ্লবের সময় শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া সত্ত্বেও তাদের ওপর দমন–পীড়নের চেষ্টা চলছে। তারা জানান, বিএনপির এক নেতা এনসিপির তিন নেতার নামে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মিথ্যা মামলা দিয়েছেন। মামলার এজাহারে ১৪, ১৫ ও ১৬ নম্বর আসামি এনসিপির সক্রিয় নেতাকর্মী।

বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার ও নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি বন্ধের আহ্বান জানান। পাশাপাশি মিথ্যা মামলার দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

উল্লেখ্য, গত ১০ আগস্ট মো. কুদ্দুস বাদী হয়ে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০০–১৫০ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের ১০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে চাঁদার দাবিতে বাদীর বাড়িতে হামলা চালিয়ে মারধর, ভাঙচুর ও লুটপাট করা হয়।