নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন জামায়াতে ইসলামীর তৎকালীন নেতা গোলাম আযমসহ একদল রাজনীতিবিদ পাকিস্তানি সেনাবাহিনীর ‘কসাই’ খ্যাত জেনারেল টিক্কা খানের সঙ্গে বৈঠক করে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগে হামলা চালিয়ে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করলে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সময় জাতি যখন দিশেহারা, তখন স্বাধীনতার ঘোষণা বাঙালিদের উজ্জীবিত করে। তবে একই সময়ে গোলাম আযমসহ কিছু রাজনৈতিক নেতা টিক্কা খানের সঙ্গে বৈঠক করে বাঙালিদের দমনে সহযোগিতার আশ্বাস দেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ৪ এপ্রিল এবং পরবর্তীতে গোলাম আযম ১২ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে গভর্নর হাউসে টিক্কা খানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকের ধারাবাহিকতায় শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠন করা হয় এবং মুক্তিকামী বাঙালিদের বিরুদ্ধে নানা অপরাধ সংঘটিত হয়।
ইকবাল হাসান মাহমুদ বলেন, “৭১ বাংলাদেশের মানুষের গর্বের জায়গা। এই মুক্তিযুদ্ধ না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না, সংসদ কিংবা রাষ্ট্র পরিচালনার সুযোগও আসত না।”
তিনি আরও বলেন, “কেউ কেউ ১৯৪৭ সালের প্রসঙ্গ তুলে থাকেন। কিন্তু যারা তখনকার ইতিহাস মানেননি, তারা আজ কেন সেই প্রসঙ্গ সামনে আনেন, তা বোধগম্য নয়।”