নিউজ ডেস্ক :
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। একই সঙ্গে প্রকাশ করা হতে পারে দলের লোগো, মনোগ্রাম ও পতাকাও।
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও ঢাকায় নিযুক্ত কূটনীতিকদেরও যোগ দেওয়ার কথা রয়েছে। বড় জমায়েত নিশ্চিত করতে দলটির উদ্যোক্তারা ঢাকার বাইরের নেতাকর্মীদেরও অনুষ্ঠানে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এনসিপির অন্যতম নেতা সারজিস আলম জানিয়েছেন, দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশে সারা দেশ থেকে ব্যানার আসবে, আর “জাতীয় নাগরিক পার্টি” নামটি সবার কণ্ঠে মুখরিত হবে। ইতোমধ্যে দলটির নেতারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আমন্ত্রণ জানিয়েছেন, তবে বিতর্ক এড়াতে উপদেষ্টারা কেউই অনুষ্ঠানে থাকছেন না।
এনসিপির অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ছাত্র-জনতার অভ্যুত্থানের শরিক ৩৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। ঢাকায় নিযুক্ত ৫১টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, তাদের নেতৃত্বাধীন ১৪ দল ও জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি।
