নিউজ ডেস্ক :
আন্দোলনের সময় দায়ের করা হত্যাচেষ্টা মামলার এক নম্বর অভিযুক্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য আনোয়ার পারভেজ সাগরকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর গেণ্ডারিয়ার শাহ সাহেব লেনের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের চোরাগুপ্তা মিছিলগুলোর নেতৃত্ব দিয়ে আসছিলেন সাগর। মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রেমন বলেন, জুলাই-আগস্টে ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ৭৫ নম্বর মামলার অন্যতম আসামি তিনি। এছাড়া ওই সময় থেকে তিনি দলীয় অর্থায়নের কাজেও সক্রিয় ছিলেন।
তথ্যমতে, আনোয়ার পারভেজ সাগর ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং এক সময় রাজনৈতিক অঙ্গনে ‘শ্যুটার সাগর’ নামে পরিচিত ছিলেন।
অভিযোগ রয়েছে, গেণ্ডারিয়ায় প্রভাব বিস্তার করে তিনি একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতেন এবং এলাকায় ভয়ভীতি ছড়িয়ে রাখতেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আরও কয়েকটি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
