নিউজ ডেস্ক:

- সমগ্র বাংলা
- অর্থ দিয়ে আ.লীগের ঝটিকা মিছিলের অভিযোগ, গ্রেপ্তার ৪৫
অর্থ দিয়ে আ.লীগের ঝটিকা মিছিলের অভিযোগ, গ্রেপ্তার ৪৫

ডেস্ক রিপোর্ট
বার্তা বাজার
০৮ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ণ

কুমিল্লায় জননিরাপত্তা বিঘ্ন, জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্য। শুক্রবার রাত থেকে শনিবার (৮ নভেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন দাউদকান্দি উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ মিয়া (৪০), আওয়ামী লীগের সহসভাপতি মুকবিল হোসেন (৫৮), কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কোতোয়ালি থানা উপদেষ্টা পাপন লাল (৫৫), বুড়িচং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর নুর তুষার (২৮), কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের এ আলম। এ ছাড়াও আরও ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন জানান, বিদেশে পলাতক ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা তাদের নিজ এলাকায় অর্থ পাঠিয়ে সরকার পতনের জন্য ঝটিকা মিছিলসহ জনমনে আতঙ্ক সৃষ্টি করাচ্ছে।
শুক্রবার ১ মিনিটের এই মিছিলে কুমিল্লার বিভিন্ন থানা এলাকা থেকে টাকার বিনিময়ে লোক সংগ্রহ এবং গাড়ি ভাড়া করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ঝটিকা মিছিল বের করে।
সংক্ষিপ্ত সময়ের এই মিছিলের অধিকাংশ সদস্য নিজেকে গোপন করতে রুমাল ও মাস্ক দিয়ে মুখ ঢাকেন। আবার সোশ্যাল মিডিয়ায় উসকানি দিয়ে আত্মগোপনে থাকা কেউ কেউ মিছিল করতে ইন্ধন দিচ্ছে।
কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ জানান, তাদের বিরুদ্ধে পুরাতন মামলা রয়েছে। নতুন করে আবার মামলা হবে।
মামলা শেষে তাদের আদালতে তোলা হবে।