বিশ্ববিদ্যালয় ডেস্ক:
রাঙ্গামাটি, ৫ মে ২০২৫:
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের আয়োজনে “রিসার্চ লার্নিং এন্ড পেপার রাইটিং” শীর্ষক এক কর্মশালা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিকাল ২:০০ ঘটিকায় শুরু হওয়া এ কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
উপাচার্য তাঁর বক্তব্যে গবেষণার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের হাতে-কলমে গবেষণাপত্র লেখার প্রশিক্ষণ প্রদান করেন। তিনি বলেন, “একজন গবেষক চাইলে সমাজের নানা সমস্যা চিহ্নিত করে তার কার্যকর সমাধান দিতে পারেন। গবেষণার মাধ্যমে একজন ব্যক্তি যেমন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন, তেমনি ক্ষেত্রবিশেষে একজন পেশাদার গবেষকের বেতন একটি দেশের রাষ্ট্রপ্রধানের চেয়েও বেশি হতে পারে।”
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব আলিফ সাঈদ ফাতিক। কর্মশালায় রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের প্রায় ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উল্লেখযোগ্য এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে গবেষণা বিষয়ে আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।