রাজস্থলীতে সেনা অভিযানে ৩ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

জাগ্রত পাহাড় ডেস্ক :

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী। আজ রবিবার গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই অটল ৫৬ বেঙ্গলের আওতাধীন রাজস্থলী সাব জোনের সেনাসদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে রাজস্থলী ক্যাম্প এলাকায় একটি মাহিন্দ্রা গাড়িতে তল্লাশি চালিয়ে ‘ওরিস’ ব্র্যান্ডের দুই হাজার প্যাকেট শুল্কফাঁকি দেওয়া সিগারেট জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা।

চোরাচালান প্রতিরোধে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনী সিগারেটগুলো জব্দ করে সরকারি নিয়মে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এ বিষয়ে রাজস্থলী সাব জোন কমান্ডার জানান, কোনোভাবেই চোরাই পথে আনা পণ্য দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান রোধে উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে তা আরও জোরদার হবে বলেও তিনি জানান।