রাঙ্গামাটিতে শিশুকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা, ঘাতকের ফাঁসি

রাঙ্গামাটি প্রতিনিধি।

রাঙ্গামাটিতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যাকারী প্রাইভেট শিক্ষককে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার রাঙ্গামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম. ইসমাইল হোসেনের আদালত আসামি ও ভিকটিমের পিতা-মাতাসহ আইনজীবী, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই রায়ের আদেশ প্রদান করেন। প্রথমবারের মতো রাঙ্গামাটিতে এই ধরনের মামলায় ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক। এদিকে এই প্রথমবারের মতো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কর্তৃক শিশু নির্যাতন ও হত্যাকারী আসামির ফাঁসির রায়ে একইসঙ্গে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি এডভোকেট সাইফুল ইসলাম অভি ও আসামিপক্ষের আইনজীবী এডভোকেট মামুনুর রশিদ মামুন।


বৃহস্পতিবার দুপুরে নিজ এজলাসে রায় ঘোষণার পূর্বে ট্রাইব্যুনালের বিচারক নিজে লিখিত বিবরণে উল্লেখ করেন, রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানাধীন ২নং রাইখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূূর্ব কোদালা এলাকার বাসিন্দা সাথুই অং মার্মার ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিশুকন্যা মিতালী মার্মাকে স্থানীয় শিক্ষক অংবাচিং মার্মা প্রকাশ আবাসু প্রকাশ বামং-এর কাছে প্রাইভেট পড়াতে দেন। ঘটনার দিন ২০১৯ সালের ২রা ফেব্রুয়ারি ভিকটিম প্রাইভেট পড়াতে পাঠালে অন্য শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দিয়ে ভিকটিম শিক্ষার্থী মিতালী মার্মাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার করতে থাকে। তখন ভিকটিমের মুখ চেপে ধরে গলায় সুতলি ও কাপড় পেঁচিয়ে ফাঁস দিয়ে শ্বাসরোধ করে তাকে নির্মমভাবে হত্যা করে বস্তায় ভরে ঘরের মাচায় তুলে রাখে হত্যাকারী শিক্ষক অংবাচিং মার্মা।