রাঙ্গামাটিতে বাড়ি নির্মাণে বাধার অভিযোগ, হতাশা প্রকাশ করলেন ঋতুপর্ণা

নিউজ ডেস্ক :

বাংলাদেশের নারী ফুটবলের অন্যতম পরিচিত মুখ ঋতুপর্ণা চাকমা নিজ জেলা রাঙ্গামাটিতে বাড়ি নির্মাণের অনুমোদন পেলেও এখন বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন। শনিবার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ বিষয়ে হতাশা প্রকাশ করেন।

২০২২ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর ঋতুপর্ণাসহ পাঁচ ফুটবলারকে রাজকীয় সংবর্ধনা দিয়েছিল রাঙ্গামাটি জেলা প্রশাসন। সেসময় জেলা প্রশাসক তার বাড়ি পরিদর্শন করে রাস্তা নির্মাণ ও বাড়ি তৈরির আশ্বাস দেন। একই সময়ে রুপনা চাকমার জন্য বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়ন হলেও ঋতুপর্ণার ক্ষেত্রে তা হয়নি। ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো সাফ জয়ের পরও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে জানান তিনি।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রশাসন কিছুদিন আগে তার জন্য জায়গাসহ বাড়ি নির্মাণ এবং গ্রামের মানুষের সুবিধার জন্য রাস্তা সংস্কারের অনুমোদন দেয়। ইউএনও নিজ উদ্যোগে একটি গভীর নলকূপ স্থাপন করেন, জেলা পরিষদও রাস্তার জন্য বরাদ্দ দেয়। সব কিছু চূড়ান্ত হওয়ার পর যখন কাজ শুরু হওয়ার কথা, তখনই অজ্ঞাত এক মহল থেকে বাধা আসতে শুরু করেছে বলে জানান ঋতুপর্ণা।

তিনি প্রশ্ন তোলেন, দেশের হয়ে খেলেও নিজ এলাকায় কি তার জন্য জায়গা নেই? ২০১৭ সাল থেকে জাতীয় দলে খেলে দেশের প্রতিনিধিত্ব করলেও নিজ জেলার মানুষ তাকে যথাযথ মূল্যায়ন করছে না বলেও আক্ষেপ প্রকাশ করেন।