রাঙ্গামাটিতে জেএসএসের হামলায় ইউপিডিএফ সদস্য নিহত, আহত ২

জমির উদ্দিন ;

রাঙ্গামাটির সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামার পাড়ায় সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) এর এক সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন। রবিবার সকাল ৯টার দিকে প্রতিপক্ষ জেএসএস (সন্তু গ্রুপ) পরিকল্পিতভাবে এ হামলা চালায়।

নিহত নির্মল খীসা (৩২), যিনি ইউপিডিএফের অর্থ বিভাগের কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন, ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাংগঠনিক কাজে বের হলে ওঁৎ পেতে থাকা জেএসএসের একটি দল অতর্কিত গুলি চালায়। আহত দুইজন কোনোমতে পালিয়ে প্রাণ বাঁচান, তবে নির্মল খীসা গুলিতে লুটিয়ে পড়েন। হামলার পর সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।

ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে একে পরিকল্পিত আক্রমণ বলে উল্লেখ করেছেন। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলছে। সম্প্রতি এই সংঘর্ষ আরও তীব্র হয়েছে।

এর আগে, ১২ মার্চ রাঙামাটির বরকল সুবলং এলাকায় ইউপিডিএফের হামলায় জেএসএসের এক সদস্য নিহত হন। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার প্রতিশোধ হিসেবেই আজকের হামলা চালানো হয়েছে। পাহাড়ি অঞ্চলে প্রতিনিয়ত সংঘর্ষ ও সহিংসতায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।