জাগ্রত পাহাড় ডেস্ক:
গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী ‘দেশ গড়তে, জুলাই পদযাত্রা’-এর অংশ হিসেবে আগামীকাল রোববার (২০ জুলাই) রাঙ্গামাটিতে আয়োজিত হচ্ছে বিশাল পদযাত্রা ও পথসভা।
সকাল ১১টায় রাঙ্গামাটির ঘাঘড়া থেকে শুরু হয়ে শহরের শিল্পকলা রোড হয়ে বনরূপা পেট্রোল পাম্প চত্বরে গিয়ে শেষ হবে পদযাত্রাটি। এরপর সেখানে অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত হবে পথসভা, যেখানে বক্তব্য দেবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
পথসভা ও পদযাত্রা সফল করতে রাঙ্গামাটির দশ উপজেলার এনসিপি সংগঠকেরা নিরলসভাবে কাজ করছেন বলে জানিয়েছেন দলের প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা। তিনি বলেন, “জুলাইয়ের বীর যোদ্ধাদের সম্মানে পাহাড়ি-বাঙালি জনগণ একত্রিত হবে। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।”
এনসিপি রাঙ্গামাটি শাখার যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল চাকমা বলেন, “আমাদের চিন্তা-চেতনার মূলে রয়েছে অসাম্প্রদায়িক রাজনীতি। পাহাড়ি-বাঙালি ঐক্যের এই প্লাটফর্ম নতুন রাজনৈতিক সংস্কৃতির দিশা দেবে।”
দলের অপর যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন চৌধুরী বলেন, “পদযাত্রাকে ঘিরে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চল থেকেও মানুষ স্বপ্রণোদিতভাবে যুক্ত হচ্ছেন। আমরা আশাবাদী, এটি হবে একটি ঐতিহাসিক জনসমাবেশ।”
এনসিপি নেতারা জানান, পথসভা শেষে শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগেও অংশ নেবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।