নিউজ ডেস্ক :
প্রতিটি উপজেলা থেকে প্রতিনিধি না নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কি না এবং এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পরিষদের দুই সদস্য রাঙাবী তঞ্চঙ্গ্যা ও প্রণতি রঞ্জন খীসাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এ্যাডভোকেট রাজীব চাকমা, জসিম উদ্দিন, পুলিন বিহারী চাকমা ও উথান মারমার করা রিটের প্রেক্ষিতে আদালত এ রুল জারি করেন।
আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়, রাঙাবী তঞ্চঙ্গ্যা বৈবাহিক সূত্রে নিজের পরিচয় পরিবর্তন করায় নিজ জনগোষ্ঠীর কোটায় বিবেচিত হতে পারেন না এবং প্রণতি রঞ্জন খীসার বিরুদ্ধে হত্যা মামলা থাকায় তিনি দায়িত্ব পালনের যোগ্য নন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠন নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। বিশেষ করে জেলার দশটি উপজেলার প্রতিনিধিত্ব নিশ্চিত না করা, এক সম্প্রদায়ের সদস্যকে অন্য সম্প্রদায়ের প্রতিনিধি বলা এবং একই পরিবারের একাধিক সদস্যকে অন্তর্ভুক্ত করায় ব্যাপক সমালোচনা হয়। বিষয়টি নিয়ে রাঙামাটির কয়েকটি উপজেলায় প্রতিবাদ ও বিক্ষোভও হয়েছে। এরপরই বঞ্চিত চার উপজেলার পক্ষ থেকে উচ্চ আদালতে রিট দায়ের করা হয়, যার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই রুল জারি করলেন।
