অনলাইন ডেস্ক;
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনস্থ প্রায় ১৬টি সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে এ অভিযান পরিচালনা করে দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক জাহিদ কালামের নেতৃত্বে একটি টিম।
অভিযানকালে সাজেকের গাড়ি পার্কিং প্রকল্প, জেলা পরিষদের টোল আদায় কার্যক্রম, বিভিন্ন উপজেলায় কাজুবাদামসহ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ এবং একাধিক টেন্ডার সংক্রান্ত ফাইল তলব করা হয়। এ সময় জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, প্রকৌশলী উজ্জ্বল চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা দুদকের টিমকে সংশ্লিষ্ট নথি দেখান।
দুদক পরিচালক জাহিদ কালাম সাংবাদিকদের জানান, জেলা পরিষদের প্রকল্প বাস্তবায়নে অনিয়মের বিষয়ে পাওয়া অভিযোগের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়। তবে কর্মকর্তাদের দেওয়া বক্তব্যে কমিশন সন্তুষ্ট হয়নি। তিনি আরও বলেন, “চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঢাকায় অবস্থান করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান শেষে জেলা পরিষদের আওতাধীন কয়েকটি প্রকল্পও পরিদর্শন করেন দুদক টিম।
অভিযান পরিচালনায় দুদক পরিচালক ছাড়াও সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন, উপ-সহকারী পরিচালক সওয়ার হোসেন ও বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় সাংবাদিকেরাও ঘটনাস্থলে ছিলেন।