জাগ্রত পাহাড় ডেস্ক:
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ (বুধবার) সকালে সাজেক ইউনিয়নের কয়েকটি গ্রামের হতদরিদ্র ও দুস্থ পাহাড়ি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাঘাইহাট জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খায়রুল আমিন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের মেজর তালুকদার অনন্ত ইবনে আলম এবং ক্যাপ্টেন মোঃ মিসবাহ উজ্জামান।
বেতবুনিয়া, উজানছড়ি, চাইল্যাতলী ও চম্পাতলী পাড়ার প্রায় দুই শতাধিক স্থানীয় পাহাড়ি জনসাধারণের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বলেন, “দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে শীতকালে জনসাধারণ অনেক কষ্টের মধ্যে দিন কাটায়। তাদের যাতায়াতের সমস্যা ও বয়স্ক ব্যক্তিদের কষ্টের কথা বিবেচনা করে মাসালং এলাকায় এ আয়োজন করা হয়েছে। সেনাবাহিনী সবসময় দেশের ও মানুষের কল্যাণে কাজ করে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ স্থানীয় পাহাড়ি জনগণের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা আরও বাড়ানোর জন্য আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।
